মাগুরানিউজ.কমঃ
মাগুরার বাজার এখন আগাম চাষ করা শীতকালীন সবজিতে ভরপুর। দাম যথেষ্ট ভালো পাওয়ায় চাষিরাও বেজায় খুশি।
পাইকারি বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব সবজি। আর দাম চড়া থাকায় আশায় বুক বেঁধেছেন চাষিরা। কাঁচা বাজারে ক্রেতা ও আড়তদার সবারই এক কথা, মাগুরা কাঁচা বাজারের হাওয়া বেজায় গরম। প্রচুর উৎপাদনের সাথে উচ্চমূল্য চাষিদের মুখে হাসি ফুটিয়েছে।
সদরের চাষি কবির হোসেন বলেন, ‘আমি ৬বিঘা জমিতে সবজির চাষাবাদ করে আসছি। এখন শীতের আগাম ফসল হিসেবে মুলা, বেগুন ইত্যাদি বাজারে নিয়ে যাচ্ছি। এখন মুলা ২০ থেকে ২২ এবং বেগুন ৪৫ থেকে ৬০ কেজি টাকা দরে বিক্রি করছি।’
শ্রীপুর এলাকার কৃষক আসাদুজ্জামান বলেন, ‘গেল বর্ষায় আমার শিমক্ষেত নষ্ট হয়। এতে অনেক ক্ষতি হয়েছে। এখন পরিচর্যা করছি- বাজারে ৭০ থেকে ৮০ দরে বিক্রি হচ্ছে শিম।’
বরিশাল থেকে আসা ব্যাপারি মাহবুবুর রহমান এবং চট্টগ্রামের অশোককুমার ঘোষ বলেন, ‘এবার আগাম শীতকালীন সবজির দাম খুব একটা কমবে বলে মনে হয় না। সেকারণে কৃষকরা তাদের গেল বর্ষার ক্ষতি পুষিয়ে সবজিতে বেশ লাভ করছেন।’


