মাগুরানিউজ.কমঃ
মাগুরার শহর থেকে প্রতিটি হাট বাজারই এখন বিপুল পরিমাণ রূপালী ইলিশে ভরপূর। বাজারগুলোতে মাছের দাম সব শ্রেণির মানুষের নাগালে চলে এসেছে।
মাগুরা পুরাতন বাজারে মাছ কিনতে আসা রাজিয়া বেগম বলেন, ইলিশ মাছের চেয়ে বাজারে অন্যান্য মাছের দাম এখন অনেক বেশি। দাম কমে যাওয়ায় তিনি ইলিশ মাছ কিনেছেন বলে জানান।
বাজারে ইলিশের প্রচুর সরবরাহ এবং তুলনামূলক কম দাম সবাইকেই হতবাক করছে। খাবারের পাত থেকে অনেকটা হারিয়ে যাওয়া ইলিশ আবার ফিরে এসেছে।
শহরের বাসিন্দা আমির হোসেন জানালেন, ইলিশের এ দাম তার কাছে কল্পনার মতোই মনে হচ্ছে।
আমির হোসেন বলেন, “ইলিশ মাছের কেজি ছিল ১০০০ থেকে ২০০০ টাকা বা তারও বেশি। এখন সেই কিনতেছি ৪০০ থেকে ৫০০ টাকায়। একটু ছোট মাছ ২০০ থেকে ৩০০ টাকায় মিলছে। ইলিশ মাছ কোনো দিন এমন সস্তা ছিল না। এবারই সবচেয়ে বেশি সস্তা।”
মাছ বিক্রেতা রুহুল আমিন বলছিলেন, ইলিশের দাম এতটা নেমে আসবে সেটি তিনি ভাবতেও পারেননি।
রুহুলের আমিনের বর্ণনায়, “এটা তো স্বপ্ন। ভাবতেই পারি নাই। স্বপ্নে দেখতাছে আর বাস্তবে খাইতাছে। এ রকম আর কী!”
মা ইলিশ এবং জাটকা রক্ষার জন্য বছরের নির্দিষ্ট কিছু সময়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় ইলিশের উৎপাদন ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন।


