মাগুরানিউজ.কমঃ
কোয়ার্টার ফাইনাল থেকে আর মাত্র একটি জয় দূরে মাশরাফি-সাকিব-তামিমের বাংলাদেশ। বাকি দুটি ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের যেকোনো একটিকে হারাতে পারলেই স্বপ্নের কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে লাল সবুজের জার্সিধারীরা। কাজটি একটু কঠিন হলেও বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৮ রান তাড়া করে জেতা দলটির জন্য অসম্ভব নয়।
কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য ৯ মার্চ ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটিকেই পাখির চোখ করছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর তিনি সেই কথার পুনরাবৃত্তি করেন টাইগার দলনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফি বলেন, ‘আজ আমাদের বোলাররা ভালো করতে না পারলেও ব্যাটসম্যানরা তাদের সেরা ফর্ম দেখিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচের আগে যেটি আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইংল্যান্ডেকে হারাতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। কিন্তু যদি তাদের হারাতে না পারি তবে অবশ্যই নিউজিল্যান্ডকে হারাবো।’
চার ম্যাচ শেষে দুই জয় ও এক ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। সমান ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইংলিশরা। বাংলাদেশের জন্য কোয়ার্টার ফাইনালের সমীকরণ এখন খুবই সহজ- আগামী দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেতে হবে টাইগারদের।
বাংলাদেশের জন্য স্বস্তির সংবাদ হলো- গত বিশ্বকাপে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ৭ সাক্ষাতের সব কয়টিতেই জয় পেয়েছে টাইগাররা। ফলে কোয়ার্টার ফাইনালের ‘স্বপ্ন’ দেখতেই পারে বাংলাদেশ।
তবে সাম্প্রতিক যেই ফর্ম তাতে করে বিশ্বকাপের সহযোগী আয়োজক নিউজিল্যান্ডকে হারানো কঠিন হতে পারে বাংলাদেশের জন্য। কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলংকার কাছে বড় ব্যবধানে হেরে খাদের কিনারে থাকা ইংল্যান্ডকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়াটা মাশরাফির দলের জন্য কঠিন হওয়ার কথা নয়।
স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৮ রান তাড়া করে জেতায় বাংলাদেশের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে সেটা বলার আর অপেক্ষা রাখেনা। গত বিশ্বকাপে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনকে সাকিব-শফিউল-রুবেলরা ২২৫ রানে বেঁধে রেখেছেন। সেবার পারলে এবার নয় কেন?
আর ইংল্যান্ড যদি ২৫০ প্লাস রানও করে ফেলে তবে সেই রান তাড়া করার সামর্থ যে বাংলাদেশের রয়েছে সেটি তো বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে করে দেখিয়েছে লাল সবুজের জার্সিধারীরা। অন্যদিকে বাংলাদেশ আগে ব্যাটিং করলে চ্যালেঞ্জিং একটা স্কোর যদি দাঁড় করাতে পারে তবে মাশরাফি-সাকিব-রুবেল-তাসকিনদের সেই রান ডিফেন্ড করার মতো সামর্থ রয়েছে।
৯ ও ১৩ মার্চ ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের গর্জনের অপেক্ষায় গোটা বাংলাদেশ। মাত্র একটি জয়ের জন্য তাকিয়ে আছে গোটা দেশ। একটি জয় আমাদের পৌঁছে দিবে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে। এরপর কোয়ার্টারের নকআউট পর্বে যেকোনো কিছুই তো ঘটতে পারে।


