মাগুরানিউজ.কমঃ
ঘরে-বাইরে সর্বত্রই অস্বস্তিতে মানুষ। বাইরে গেলে প্রচণ্ড রোদে ঘামছে শরীর। আর দু-এক ঘণ্টা পরপর বিদ্যুৎ যাচ্ছে আর আসছে। ফলে ঘরের ভেতরেও গরম। তাই ঘরেও ঘামছে শরীর। এতে বাড়ছে অসুখ-বিসুখ। এ অবস্থায় বৃদ্ধ আর শিশুরা পড়েছে চরম বিপাকে।
আবহাওয়াবিদরা বলছেন, দেশব্যাপী মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। এজন্য প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এ সময়ে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব পরিবারের সদস্যই সাধারণ ঠান্ডা-কাশি, ভাইরাস জ্বর, ডেঙ্গু, জন্ডিস, টাইফয়েড, ডায়রিয়া ও আমাশয়সহ বিভিন্ন অসুখ-বিসুখে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন অনেকে।
বিশেষ করে বাইরে সরাসরি রোদের নিচে যেসব শ্রমিক কাজ করেন তারা প্রচণ্ডভাবে ঘামছেন। এ কারণে শরীর থেকে প্রয়োজনীয় লবণ ও পানি বের হয়ে যাচ্ছে। অনেক সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে শরীর দুর্বল, অবসাদগ্রস্ত ও প্রেসার কমে যাচ্ছে।
এছাড়া রাস্তা-ঘাটে তৃষ্ণা মেটাতে অনেকে বিভিন্ন বরফ মিশ্রিত শরবত খাচ্ছেন। এ কারণেও অনেকে ডায়রিয়া-আমাশয়সহ বিভিন্ন ধরনের পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন।
– ফাইল ছবি


