মাগুরানিউজ.কমঃ
নিঃসন্দেহে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তাঁর অতিমানবীয় পারফরমেন্সে কেউ কেউ তাঁকে বলেন ‘অন্য গ্রহের ক্রিকেটার’। অলরাউন্ডার স্বত্বার কারণে বিশ্বের বিভিন্ন টি-২০ লীগগুলোতে তাঁর আকাশচুম্বী চাহিদা। যথারীতি জমজমাট ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ- আইপিএলেও।
বরাবরের মত এবারও আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। আইপিএলে খেলতে নিজের দেশের ঘরোয়া এনসিএল ওয়ানডে টুর্নামেন্টকে পাশ কাটাতে হয়েছে সাকিবকে। তবে এবারের আসরে সাকিব খেলতে পারবেন মাত্র দুটি ম্যাচ।
দলের সাথে যোগ দিতে গত বৃহস্পতিবার বাংলাদেশ ছেড়েছেন সাকিব। কলকাতায় পৌঁছে ইতিমধ্যে দলের সঙ্গীও হয়ে গেছেন। পশ্চিমবঙ্গে পা রাখার পরপরই শুরু হয়েছে সেখানকার ক্রিকেটপ্রেমীদের সাকিব বন্দনা। সাকিব দলের সাথে থাকলে দলের শক্তি অনেকাংশে বৃদ্ধি পায় জানিয়ে অনেকে আফসোস করছেন এবারের আইপিএলে সাকিব মাত্র দুটি ম্যাচ খেলতে পারবেন বলে।
সাকিবকে নিয়ে কলাম লিখেছে কলকাতা ও পুরো ভারতের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক আনন্দবাজার। নিজেদের রিপোর্টারের রচিত একটি রিপোর্টে সংবাদমাধ্যমটি সাকিবের ভূয়সী প্রশংসা করেছে। সাকিবকে দলের জন্য কতটা প্রয়োজন তা উল্লেখ করে পত্রিকাটি লিখেছে, ‘গত কয়েকটা মৌসুম ধরেই দেখা গিয়েছে, টিম কেকেআরে সাকিবের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশি অলরাউন্ডার চাপের মুখে যেমন রান করেছেন, তেমন দরকারে উইকেটও বের করেছেন।’ একইসাথে দুটি শিরোপা জয়ে বিশেষ করে দ্বিতীয় শিরোপা জেতায় সাকিবের অনন্য অবদানও স্বীকার করেছে তাঁরা, ‘আইপিএল সেভেনে যে কেকেআর চ্যাম্পিয়ন হল, তার অলিখিত ম্যান অব দ্য টুর্নামেন্ট সাকিবকেই ধরা হচ্ছিল।’ জাতীয় দলের জার্সি গায়ে পাকিস্তান সিরিজে অংশ নিতে সাকিব দুটি ম্যাচ খেলে দেশে ফিরে আসবেন। সেক্ষেত্রে সাকিবের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জোহান বোথাকে দলভুক্ত কতা হতে পারে বলে জানিয়েছেন পত্রিকাটি।
এদিকে দলের সাথে যুক্ত হয়ে অনুশীলন শুরু করেছেন সাকিব। শুক্রবার শুরু হয় দলটির প্র্যাকটিস সেশন। প্র্যাকটিসের সময় কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি গায়ে দিয়ে তোলা একটি ছবি ফেসবুকে পোষ্ট করেছেন সাকিব, যেখানে তিনি জানিয়েছেন, নতুন জার্সিটি বেশ পছন্দ হয়েছে তাঁর।


