মাগুরানিউজ.কমঃ
আগামীকাল রোববার হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার দিন। আর এদিন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপি হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন।
শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক রমেন মণ্ডল পৃথক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতারা বলেন, বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা কেবল একটি সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান নয়, আবহমানকাল ধরে এই পূজা ধর্মের সীমানা অতিক্রম করে প্রতিটি শিক্ষাঙ্গনে ধর্মনির্বিশেষে ছাত্র-ছাত্রীদের একটি সর্বজনীন অনুষ্ঠান হিসেবে পরিগণিত হয়ে আসছে। এ অবস্থায় ২০ দলীয় জোটের ডাকা হরতাল কর্মসূচি সর্বজনীন এ উৎসবে ব্যাঘাত সৃষ্টি করবে। তাই আমরা বিরোধীদলগুলোকে পূজার দিনে হরতাল প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।


