মাগুরানিউজ.কমঃ
ঢাকা-বেনাপোল হাইওয়ে সড়কে, ঢাকা থেকে বেনাপোলগামী সোহাগ পরিবহনের (স্ক্যানিয়া ঢাকা মেট্রো-ব ১৪-৬১২৯) একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে যাত্রীবেশী একদল ডাকাত এ ঘটনা ঘটায়।
জানা যায়, সোমবার রাতে ঢাকা থেকে বেনাপোলগামী বাসটি ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে পৌঁছালে, গাড়িতে থাকা ৬ যাত্রীবেশী ডাকাত এতে ডাকাতি শুরু করে এবং ডাকাতি শেষে মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় নেমে যায়। এ সময় ডাকাতরা গাড়িতে থাকা ২৬ যাত্রীর কাছ থেকে নগদ টাকা, ডলার, মোবাইলফোন ও মূল্যবান জিনিসপত্রসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
গাড়ীর সুপারভাইজার-কাম গাইড আমির হামজা জানান, গাড়িটি সোমবার রাত নয়টায় রাজধানীর মালিবাগ থেকে ২৯ জন, বাড্ডা থেকে দুই জন এবং নবীনগর থেকে এক জনসহ- মোট ৩২ জন যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে ছাড়ে।
তিনি জানান, রাত দেড়টার দিকে ফরিদপুরে রাজবাড়ীর মোড় এলাকায় পৌঁছালে গাড়িতে থাকা যাত্রীবেশী ৬ ডাকাত অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে ডাকাতি শুরু করে। প্রায় একঘন্টা ধরে লুটতরাজ চালিয়ে টাকা, ডলার, মোবাইলফোন ও মূল্যবান জিনিসপত্রসহ ৯/১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে মধুখালীর মাঝকান্দিতে নেমে যায়।
আমির হামজা আরো জানান, এ অবস্থায় বেনাপোলের পথে ফরিদপুরের মধুখালী রেলগেট এলাকায় ডিউটিরত পুলিশ সদস্যদের বিষয়টি মৌখিকভাবে জানান তিনি। এরপর বেনাপোলে যাত্রী নামিয়ে ফিরতি পথে মঙ্গলবার দুপুরে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেন।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, ডাকাতির ঘটনা ঘটেছে এমন অভিযোগে দুপুরে সোহাগ পরিবহনের একজন সুপারভাইজার অভিযোগ নিয়ে এলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


