মাগুরানিউজ.কমঃ
দু’দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসবে যশোরবাসীকে মাতিয়েছেন বাংলাদেশ ও ভারতের বাউল শিল্পীরা। ‘ফিরে চল মাটির টানে’ এ শ্লোগানকে সামনে রেখে যশোর জেলা উদীচী শিল্পীগোষ্ঠী সংসদের উদ্যোগে আয়োজিত উৎসবে শিল্পীরা গান শুনিয়ে মাতোয়ারা করেন দর্শকশ্রোতাদের।
যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে ১৭ ও ১৮ এপ্রিল দু’দিনব্যাপী এ লোকসংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়।
১৮ এপ্রিল উৎসবের সমাপনী দিনে ভারতের সংগীতা রায়, কুষ্টিয়ার আসলাম বাউল ও তার দল, ফরিদপুরের ভগীরত মালো ও তার লোকসংগীত পরিবেশন করেন। ব্যাপক দর্শক সমাগম ঘটে এ উৎসব ঘিরে। দেশ বিদেশের শিল্পীদের গানে মুগ্ধ হয়েছেন দর্শক।
এর আগে ১৭ এপ্রিল বিকেলে জাতীয় সংগীত ও উদীচীর দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে রাজশাহী বেতারের শিশুশিল্পী সুজন সরকার সৃজান। এরপর স্থানীয় শিল্পীসহ লোকসংগীত পরিবেশন করেন ভারতের পশ্চিমবঙ্গের লোকশিল্পী সংগীতা রায়, ফরিদপুরের ভগীরথ মালো, নড়াইলের বিজন ও তার দল, বাঁকড়ার রাসেল, কুষ্টিয়ার বাউল শিল্পী খাইরুল বাশার প্রমুখ।
শনিবার সমাপনী দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক রুকুনউদ্দৌলা, উৎসব উদযাপনের আহ্বায়ক মাহাবুবুর রহমান মজনু, সদস্য সচিব নবনীতা সাহা তপু, কাজী বর্ণ উত্তম প্রমুখ।
উপস্থিত ছিলেন, উদীচী যশোরের সভাপতি ডিএম শাহিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব।


