মাগুরানিউজ.কমঃ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়। রোববার বাদ জোহর মালয়েশিয়ার কেন্দ্রীয় মসজিদ নেগারায় তার প্রথম নামাজে জানাযা হবে। আর সোমবার ঢাকা আনা হবে কোকোর মরদেহ। দাফনের বিষয়টি পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, কুয়ালালামপুর মালয় ইউনিভার্সিটি সেন্টারে জড়ো হয়েছেন দেশটির বিএনপি নেতা-কর্মীরা। রোববার বাদ জহুর মালয়েশিয়ার কেন্দ্রীয় মসজিদ নেগারায় জানাযা শেষে কুয়ালালামপুর মালয় ইউনিভার্সিটি সেন্টারে হিমঘরে রাখা হবে আরাফাত রহমান কোকোর মরদেহ। সোমবার সকালে তা দেশে পাঠানো হবে। আজ বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে কুয়ালালামপুরের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে কোকো মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার জন্য সপরিবারে দেশ ছাড়েন কোকো। ব্যাংকক হয়ে কুয়ালালামপুরে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। দেশ ছাড়ার পর গত ছয় বছরে তার মা খালেদা জিয়ার সঙ্গে মাত্র একবার দেখা হয়েছিল কোকোর। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে ঢাকা সেনানিবাসের মইনুল হোসেন রোডের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে যৌথবাহিনী। কোকোর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। একটি মামলায় ২০১১ সালে কোকোকে ৬ বছরের সাজাও দেওয়া হয়।


