মাগুরানিউজ.কম:
মাগুরার উপর দিয়ে বয়ে চলা অসময়ের কার্তিকের অবিরাম বৃষ্টি ও বাতাসে রোপা আমন ধান, খরিপ-১ সবজি, শীতের আগাম সবজিসহ মরিচ, কলা ও পেঁপের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানেই ধানের পাকা শীষ মাটিতে পড়ে আছে। এছাড়া আধা-পাকা ধানের শীষ ভেঙ্গে গেছে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, রোপা আমন পাঁচ হাজার ৭৫০ হেক্টর, খরিপ-১ সবজি ৫৫০ হেক্টর, শীতের আগাম সবজি ৬০ হেক্টর, মরিচ ১০০ হেক্টর, কলা ৮০ হেক্টর ও পেঁপে ১১০ হেক্টর জামির ফসলের ক্ষতি হয়েছে।
শ্রীপুরের পেঁপে চাষী আশিক বলেন, ‘আমার তিন একর জমির প্রায় সব পেঁপে গাছই কম বেশি ক্ষতি হয়েছে। বৃষ্টিতে ও বাতাসে পড়া পেঁপে বিক্রয় করার জন্য কোনো ব্যাপারী পচ্ছি না।’
মাগুরা সদরের কৃষক মতিয়ার রহমান বলেন, ‘ধানের দাম বেশি থাকায় আমি আট একর জমিতে রোপা ধান চাষ করেছি কিন্তু বেশির ভাগ জমির ধানই এখন পানির নিচে।’
মাগুরা জেলা কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম সাহা বলেন, ‘প্রাথমিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করেছি, তবে এর পরিমাণ আরো বাড়তে পারে।’


