মাগুরানিউজ.কম:
মাগুরায় ১১ শিক্ষককে অব্যাহতি ও ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চলমান জেএসসি পরীক্ষায় নকলে সহযোগিতা করায় ওই ১১ শিক্ষককে অব্যাহতি ও নকল করায় ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মাগুরার মহম্মদপুরের বড়রিয়া এ ডব্লিউ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষা চলাকালীন বৃহস্পতিবার দুপুরে কৃষি শিক্ষা বিষয়ক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজাদ জামান ও মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তারা নকল করায় ৭ শিক্ষার্থীকে বহিষ্কার ও নকলে সহায়তার দায়ে ১১ শিক্ষককে অব্যাহতির নির্দেশ দেন।
এ ডব্লিউ ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সচিব শরীফ মো. আক্তারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


