মাগুরানিউজ.কমঃ
সকালেই মিষ্টির দোকানগুলোতে কমবেশি ভিড় জমছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে। কারণটাও সবার জানা। ভাইফোঁটাকে কেন্দ্র করে মিষ্টির পশরায় মিষ্টির দোকানগুলো সেজে উঠেছে। মাগুরা শহরে যদিও আগের দিন বিকেল থেকেই শহরের বিভিন্ন কোণার মিষ্টির দোকানগুলোয় ভিড় উপচে পড়ার রেওয়াজ নতুন নয়। বেলা বাড়ার সাথে সাথে বাহারি মিষ্টির ট্রে বেড়েছে দোকানে দোকানে। সেইসঙ্গে চড়েছে কেনাকাটার পারদ। দোকানের সব কর্মচারি পুরোদমে ক্রেতাদের ফরমাস শুনেও কুলিয়ে উঠতে পারেননি। তবু এই মিষ্টি কেনার ঐতিহ্য আজও অমলিন। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভাইফোঁটায় মিষ্টির দোকানে বোনেদের হুড়োহুড়ি বাঙালির আদি ঐতিহ্যেরই ধারক এবং বাহক হয়ে থেকে যায়।


