মাগুরানিউজ.কম:
মাগুরায় সদর উপজেলার ইছাখাদা নতুন বাজার থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় সন্দেহভাজন এক কিশোরকে আটক করেছে পুলিশ।
ইছাখাদা বাজারের একাধিক ব্যবসায়ী জানান, বৃহস্পতিবার বিকালে বাজারের মধ্যে বার্মিজ স্যাণ্ডেল পায়ে হাতে একটি কাপড়ের ব্যাগ এবং মুখে গামছা ঢাকা ১৬ থেকে ১৭ বছর বয়সি লম্বা চুলের এক কিশোরকে দেখে তাদের রোহিঙ্গা বলে সন্দেহ হয়। কিন্তু কিশোরটিকে জিজ্ঞাসাবাদ করলেও মুখে কোন শব্দ উচ্চারণ করেনি। এ অবস্থায় তাকে স্থানীয় চেয়ারম্যান কবির হোসেনের জিম্মায় তুলে দেওয়া হলে তিনি বাজারের স্যালুনে নিয়ে চুল ছাটিয়ে পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে উদ্ধার করে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়।
সন্দেহভাজন কিশোরটিকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হলেও কোন কথা উচ্চারণ করেনি। কিন্তু কাগজে দুটি শব্দ লিখে দেয়। তবে কিশোরটি রোহিঙ্গা না ভারতীয় তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান- প্রাথমিক ভাবে কিশোরটিকে রোহিঙ্গা হিসেবে সনাক্ত করা হলেও ছেলেটি মুখে কোন কথা না বলায় তার নাম পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। আরো পরীক্ষা নিরীক্ষার পর পরিচয় নিশ্চিত হওয়া গেলে রোহিঙ্গা ক্যাম্প বা পরিচয় মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


