মাগুরানিউজ.কমঃ
আজ বৃষ্টিমুখর মাগুরা। এদিকে সুযোগ বুঝে অটোরিকশা ও রিকশাচালকরা গলাকাটা ভাড়া আদায় করে। দশ টাকার ভাড়া তারা নিঃসংকোচে বিশ থেকে তিরিশ টাকা হেঁকেছে। জরুরি কাজে ঘরের বাইরে বের হওয়া মানুষ অনেকটা দায় ঠেকেই তাদের সে অন্যায় আবদার মেনে নিয়েছে।
সকালের চেয়ে বিকালের পিকআওয়ারে কর্মস্থল থেকে ঘরে ফেরা মানুষকে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে। কেননা সে সময় প্রায় একই সময় লোকজন রাস্তায় নামে। ফলে শহরজুড়ে দেখা দেয় তীব্র পরিবহন সঙ্কট। আবার দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থেকে গণপরিবহনে চড়তে না পেরে অনেকে পানি ভেঙে হেঁটে ঘরে ফিরতে গিয়েও বিপদের মুখে পড়েছেন।
এদিকে রিকশাচালকদের বিরুদ্ধে গলাকাটা ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও তারা জানিয়েছেন ভিন্ন কথা। রিকশাচালকদের ভাষ্য, বৃষ্টির পানিতে ভিজে যাত্রীদের কাছ থেকে কিছু টাকা বেশি পেলেও তা চলে যায় ডাক্তারের পেছনে। বৃষ্টিতে ভিজে একদিন রিকশা চালালে জ্বর-সর্দিসহ নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে এক সপ্তাহ বিছানায় পড়ে থাকতে হয়।


