মাগুরানিউজ.কমঃ
পরিবার থেকে বিছিন্ন, বয়স্ক, অসহায় ভিক্ষুকদের আবাসন প্রকল্প হিসাবে মাগুরা সদর উপজেলা ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র ‘মোহনা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক ডি ডি এল জি খন্দকার আজিম আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক আই সি টি মো. মাহাবুবুর রহমান।
সরকারি ও সমাজের বিত্তশালীদের আর্থিক অনুদানে বহুতল বিশিষ্ট ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র ‘মোহনা’ ভবন করা হবে। যেখানে বয়স্ক অসহায়, পঙ্গু ও প্রতিবন্ধী ভিক্ষুকদের থাকা খাওয়া ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। শহরতলীর ভিটাসাইর ঢালে সরকারি খাস খতিয়ানের ৭ শতাংশ জমির ওপর এটির স্থাপন করা হচ্ছে।


