মাগুরানিউজ.কমঃ
আজ মাগুরা শহরের ভায়না মোড়ে মটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী বাম্পার, এঙ্গেল ও ধারালো হুক বিশিষ্ট মোটরযানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের নিরবিচ্ছিন্ন অভিযান শুরু হয়েছে।
এ উপলক্ষে শহরের ভায়নার মোড়ে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করেছে জেলা প্রশাসন ও বিআরটিএ। সকাল থেকে ২ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় ৫০টি গাড়ি থামিয়ে সামনের এঙ্গেল, হুক ও বাম্পার কেটে দেয়া হয়। একই সঙ্গে অননুমোদিত বাম্পার, এঙ্গেল ও ধারালো হুক থাকায় ১৩ টি ট্রাক থেকে মোট ৪০,৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপক কুমার দেব শর্মা ও মোহাম্মদ জাকারিয়া। এসময় বিআরটিএর সহকারী পরিচালক বিলাস সরকার ও প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
মাগুরা বিআরটিএর সহকারি পরিচালক বিলাস সরকার জানান- প্রাণঘাতি এঙ্গেল, হুক কিংবা বাম্পারের ফলে সড়ক দূর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে বেড়ে যায়। যোগাযোগ মন্ত্রনালয় থেকে গাড়ির মালিকদেরকে এগুলি অপসারণের জন্যে দীর্ঘদিন ধরে নির্দেশ দিয়ে আসছে। এ নির্দেশ বাস্তবায়নের জন্য রবিবার থেকে এ অভিযান শুরু হয়েছে। যা নিরবিচ্ছিন্নভাবে চলবে বলেও জানান তিনি।


