মাগুরায় বাজারে ছোট মাছের দাম নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। বিক্রেতারা বলছে, শীত মওসুমে ছোট আকারের জলাশয়গুলোতে পানি কমে যাওয়ায় নানা ধরনের ছোট মাছ বেশি ধরা পড়েছে। সরবরাহ বেড়ে যাওয়ায় দামও কমেছে।
আর ছোট মাছের দাম কমার প্রভাবে বাজারে বড় মাছের দামও স্থিতিশীল রয়েছে বলে জানান তারা।
প্রতি কেজি পাঁচমিশালী ছোটমাছ শুক্রবার আকার ভেদে ২০০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।
মাছ বিক্রেতা গৌরাঙ্গ দাস বলেন, “পাঁচমিশালী মাছ মূলত খাল-বিল-পুকুরের মাছ। শীতের সময় এইসব জায়গার পানি যত কমতাছে, ততবেশি মাছ ধরা পড়তাছে।
“মাছের দাম পুরাটাই সাপ্লাইয়ের উপরে (নির্ভর করে)। গত দুই তিন মাস ধইরা সাপ্লাই ভালো, তাই দামও কম।”
বাজারগুলোতে অন্য মাছগুলোর মধ্যে আকার ভেদে কেজি প্রতি রুই মাছ ১৮০ থেকে ৩০০ টাকা, কাতল ১৬০ থেকে ৩০০, শিং ৫০০ থেকে ৫৫০, মাগুর ৫০০ থেকে ৬০০, শোল ৪৫০ থেকে ৫০০, চিংড়ি (বড়) ৫০০ থেকে ৫৫০ এবং কাঁচকি মাছ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।


