মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার জাতীয় সংসদের দুটি আসনে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে ১৪ জন প্রার্থীর মধ্যে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আলী আকবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইয়ের পর ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।
বাতিলকৃত প্রার্থীরা হলেন- মাগুরা ১ আসনে ডা. মিজানুর রহমান (গণফোরাম), কুতুবউল্লাহ মিয়া কুটি (স্বতন্ত্র), এ্যাড. কাজী রেজাউল ইসলাম (স্বতন্ত্র) এবং মাগুরা-২ আসনে বিএনপির মেহেদী আল মাসুদ।
বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয় তারা হলেন- মাগুরা ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখর, বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান, জাতীয় পার্টি এ্যাড. হাসান সিরাজ সুজা, এম এ আওয়াল (জাসদ রব), মোতাসিম বিল্লাহ (বিএনএফ), নাজিরুল ইসলাম ( ইসলামী আন্দোলন, বাংলাদেশ), কাজী তৌহিদুল ইসলাম (এনপিপি) এবং মাগুরা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, বিএনপির এ্যাড. নিতাই রায় চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোস্তফা কামাল।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আলী আকবর জানান, মাগুরার দুটি আসনে ১৪জন প্রার্থীর মধ্যে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে মাগুরা- ১ আসনে ৩ জন এবং মাগুরা-২ আসনে ১জন প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

