মাগুরানিউজ.কম:
বাজারে মিনিকেট নামে যে চাল বিক্রি হয় তা আসলে সাধারণ মোটা চাল। বিশেষ পলিশিং মেশিনে কেটে চিকন ও চকচকে করে মিনিকেট বানানো হয়। এটা বেশি দামে বিক্রি করে মুনাফা লাভের একটা ফন্দি। আর এ চালে স্বাভাবিক খাদ্যমান নষ্ট হয়ে যায়।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এ তথ্য পেয়েছে। আর তা সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপনা করা হয়।
রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মেজর (অব.) রফিকুর ইসলাম (বীর উত্তম), মুহিবুর রহমান মানিক, মো. তাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। কমিটির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বৈঠকে অংশ নেন।
মিনিকেট চাল নিয়ে গবেষণার ফলাফলটি বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যাপক প্রচার করে জনসচেতনতা সৃষ্টির সুপারিশ করে সংসদীয় কমিটি।
বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ধরনের প্রতারণা বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে।


