মাগুরানিউজ.কমঃ
দরপতন ও লবণ সংকটের কারণে কাঁচা চামড়া নিয়ে বিপাকে পড়েছেন মাগুরার ব্যবসায়ীরা। এবছর জেলায় অর্ধলক্ষাধিক গরু ও ছাগল কোরবানি হয়েছে। কিন্তু গত বছরের চেয়ে এবছর চামড়ার দাম অর্ধেকে নেমে এসেছে। লবণ সংকট ও লবণের দাম বাড়ার কারণে আড়তদাররা এ বছর চামড়ার দাম কমিয়ে দিয়েছেন। যে কারণে সাধারণ বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চামড়ার ন্যায্য দাম না পেয়ে আর্থিকভাবে লোকসানের মুখে পড়েছেন। পাশাপাশি চামড়া প্রক্রিয়াজাতকরণে জড়িত শ্রমিকেরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বিক্রেতারা বলছেন, গত বছরের চেয়ে এ বছর চামড়ার দাম অর্ধেকে নেমে এসেছে। গত বছর যে গরুর চামড়া এক হাজার ৮০০ থেকে দুই হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে, এবছর তা ৭০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র ৬০ থেকে ১০০ টাকায়।’
একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, চামড়া প্রক্রিয়াজাত করতে প্রয়োজনীয় লবণের সংকট ও দাম বাড়ার কারণে বড় ব্যবসায়ী বা আড়তদাররা চামড়ার দাম কমিয়ে দিয়েছেন। গ্রাম এলাকা থেকে চামড়া কিনে অনেক ছোট ব্যবসায়ী আড়তে এনে বাকিতেও বিক্রি করতে পারছেন না।
চামড়া প্রক্রিয়াজাতকরণে জড়িত শ্রমিকরা জানান, লবণের অভাবে তারা কাজ করতে পারছেন না। যে কারণে অনেক শ্রমিক বেকার হয়ে পড়ছেন। যারা কাজ করছেন লবণের দাম বৃদ্ধি ও চামড়ার দরপতনের কথা বলে মহাজনরা ঠিকমতো তাদের মজুরি দিচ্ছেন না।
একধিক ব্যবসায়ী বলেন, কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতে প্রয়োজনীয় লবণ বস্তাপ্রতি এক হাজার ১০০ টাকার স্থলে এক হাজার ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অনেক সময় বাড়তি দামেও লবণ মিলছে না। যে কারণে চামড়া কিনে আমরা লবণের অভাবে সঠিকভাবে তা মজুদ করতে পারছি না।


