মাগুরানিউজ.কমঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২তম প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মাগুরার সন্তান কৃতি সন্তান ড. আনন্দ কুমার সাহা। আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে নিয়োগ দিয়েছেন। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাঁর নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর (সংশোধিত) ১৩(১) ধারা অনুযায়ী প্রাণিবিদ্যা বিভাগের বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহাকে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সম্মতি জ্ঞাপন করেছেন। প্রজ্ঞাপনে নিয়োগের শর্ত হিসাবে বলা হয়েছে, প্রো-ভিসি হিসেবে তার মেয়াদকাল হবে চার বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে এর পূর্বেই এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন।
এদিকে নিয়োগের আদেশ রাবিতে পৌঁছালে বিকেল ৫টার দিকে তিনি নিজ দায়িত্ব গ্রহণ করেন।


