মাগুরানিউজ.কম:
কাঁঠালের জন্য প্রসিদ্ধ মাগুরা অঞ্চল থেকে এখন বাজারজাত হচ্ছে কাঁঠালের বিচিও। মাটির গুণাগুণের জন্য যথেষ্ট সুস্বাদু হওয়ায় সারা দেশেই রয়েছে মাগুরার কাঁঠালের প্রচুর চাহিদা। আর কাঁঠালের ওপর ভিত্তি করেই গড়ে উঠছে কাঁঠাল বিচি বাজারজাতকরণ ব্যবস্থাও। কাঁঠালের বিচিতে মাগুরার গ্রামীণ নারীরা কিছুটা সচ্ছলতার মুখ দেখছেন।
এলাকার কিছু সংখ্যক খুচরা ক্রেতা বাড়ি বাড়ি ঘুরে কাঁঠালের বিচি সংগ্রহ করেন। পরে খাওয়ার অযোগ্য বিচি বাছাই এবং ধুয়ে ময়লামুক্ত করে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়। দেশের বিভিন্ন এলাকার পাইকাররা এখান থেকে কাঁঠালের বিচি কিনে নিয়ে যান।
খুচরাভাবে কাঁঠালের বিচি সংগ্রহকারী কুবের হোসেন জানান, তাঁরা বিভিন্ন বাড়িতে ঘুরে ৬-৭ টাকা কেজি দরে কাঁঠালের বিচি কিনে আনেন। পরে ওই বিচি বিক্রি করেন কেজি প্রতি ৮-১০ টাকা দরে।
কুবের হোসেন আরো জানান, কারওয়ান বাজার, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় কাঁঠালের বিচির যথেষ্ট চাহিদা আছে। কাঁঠালের বিচি সিদ্ধ, ভর্তা, ভাজি, তরকারি হিসাবে খাওয়ার জন্য মানুষ কেনে।


