মাগুরানিউজ.কমঃ
গ্রামবাংলার উৎসবমুখর সাজে নতুন মাত্রা যোগ করেছে গ্রামমুখী মানুষের সঙ্গে যাওয়া টাকা। গ্রামে বেড়েছে টাকার প্রবাহ। প্রবাসীদের পাঠানো টাকা ও অভ্যন্তরীণ টাকার প্রবাহে চাঙ্গা হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতি। দুহাত খুলে খরচ করছেন গ্রামে ফেরা লোকজন। বাবা-মা, ভাইবোনসহ নিকটাত্মীয়স্বজনদের জন্য যারা শহর থেকে ঈদ উপহার কিনে নিয়ে যেতে পারেননি তারা গ্রামের দোকানপাট থেকেই কেনাকাটা করছেন। তাই দোকানে দোকানে পড়েছে বেচাকেনার ধুম।
মানুষের ভিড় গ্রামে যত বাড়বে ততই প্রাণ ফিরে পাবে গ্রামীণ অর্থনীতি। এছাড়া ঈদে ধর্মীয় নানা অনুষ্ঠানের কারণে গ্রামে অর্থের প্রবাহ বেড়ে যায় অনেক বেশি। জাকাত ও ফেতরার বড় অংশ বিতরণ হয় গ্রামাঞ্চলে। গ্রামে টাকা যাওয়ার বিষয়টিকে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন বলেই মনে করছেন ব্যাংকার ও বিশ্লেষকরা।


