মাগুরানিউজ.কমঃ
মাগুরার নিভৃত পল্লী মধুপুরের যুবকরা গত কদিন ধরে প্রস্তুতি নিচ্ছে প্রীতি কাবাডি ম্যাচের। ঈদের পরদিন গ্রামের মাঠে শুধুমাত্র বিবাহিত ব্যক্তিরা এতে অংশ নেবেন। এ গাঁয়েরই মানুষ হলেও যারা দীর্ঘদিন শহুরে জীবন কাটিয়ে ঈদ উপলক্ষে ঘরে ফিরেছেন তাদের সঙ্গে হারানো দিনের খেলার সাথীদের মিলন ঘটাতেই এ আয়োজন। এর পাশাপাশি চলছে আশপাশের কয়েক গ্রামের বাসিন্দাদের নিয়েও দৌড়, লাফ, বর্ষা ও চাকতি নিক্ষেপসহ বিভিন্ন প্রতিযোগিতারও প্রস্তুতি।
বিভিন্ন গ্রামে ঈদ উপলক্ষে আনন্দ মেলা। এতে থাকছে গরু, মহিষ ও মোরগ লড়াই। হাডুডু, দাড়িয়াবান্দা খেলা। সন্ধ্যার পর বিয়ের গান, লোকগীতি ও পল্লীবালা নাচের আয়োজন করা হচ্ছে। শহর থেকে ফিরে আসা এ গাঁয়ের যুবকরাও তাদের এ কাজে নানা ধরনের সহায়তা করছে।
নহাটা ভাসছে যেন আনন্দের জোয়ারে। শহর থেকে ফিরে আসা যুবকরা গাঁয়ের ছোটবেলার সাথীদের নিয়ে তৈরি করছে বিশাল মঞ্চ। ঈদের পর দিন সেখানে বসবে মিলনমেলা।


