বিশেষ প্রতিবেদক –
মাগুরায় ১৪৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও হেয়ার এইড
বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪ টায় শহীদ সৈয়দ আতর আলী
গণগ্রন্থাগার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের
মাঝে এ হুইল চেয়ার ও হেয়ার এইড বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য
এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
সমাজ কল্যাণ মন্ত্রনালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হতে প্রাপ্ত
প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে এ হুইল চেয়ার ও হেয়ার এইড বিতরণ করা হয়।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা
সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. জাহিদুল আলম, সদর উপজেলা
চেয়ারম্যান আবু নাসির বাবলু, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা
তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ১৩৫ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ৮
জন শ্রবণ প্রতিবন্ধীকে হেয়ার এইড প্রদান করা হয়।

