মাগুরানিউজ.কমঃ
চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ৯ মে এবং ভর্তি শুরু আগামী ২০ জুন।
এবার একসঙ্গে সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির জন্য পছন্দক্রম দেওয়া যাবে। এর মধ্যে এসএসসির ফল অনুযায়ী একটি কলেজ নির্ধারণ করে দেওয়া হবে। কলেজ নির্ধারণের পর নির্ধারিত ফি দিয়ে শিক্ষার্থীই ওই কলেজে ভর্তির নিশ্চয়ন দেবেন; যা আগে দিত কলেজ কর্তৃপক্ষ। নিশ্চয়নের সময় ‘মাইগ্রেশন’ দেওয়ারও সুযোগ পাবে শিক্ষার্থীরা। প্রথমবারে না হলে পরে আবারও দুই দফায় পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন বোর্ড চেয়ারম্যান ও কলেজ অধ্যক্ষদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একাধিক কলেজ অধ্যক্ষ দৈনিক শিক্ষাডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগামী ৯ মে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত। আবেদন শেষে ভর্তি শুরু হবে ২০ জুন থেকে। এবার একজন শিক্ষার্থীকে একবার ভর্তি হলেই হবে।
এদিকে আগামী ৪ মে (বৃহস্পতিবার) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের মাত্র চারদিন পরই একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হচ্ছে।
এছাড়া নীতিমালা অনুযায়ী, সারাদেশের কলেজগুলোতে ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।


