মাগুরার গৃহস্থদের আক্ষেপ, এতকিছুর পরও ধানের মন সাতশ থেকে আটশ টাকা। মাগুরায় বোরো ধান কাটার শ্রমিকের জন্য উচ্চ দৈনিক মজুরিসহ নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে গৃহস্থদের। দিনে ছয়শ থেকে সাতশ টাকা পর্যন্ত মজুরি, খাবারের তালিকায় ভালো পদ মানে তেলাপিয়া, পাঙ্গাস মাছ খেতে দিলে হবে না। সাথে টেলিভিশন আর রাতে শোবার জন্য অবশ্যই মশারী ও ফ্যান দিতে হবে।
মাগুরা নতুন বাজারস্থ নান্দুয়ালী এলাকায় ধান কাটা শ্রমিকদের সঙ্গে গৃহস্থদের দরকষাকষি শুনে এমনটাই জানা গেলো।
এখন বোরো ধান কাটার সময়। পুরো জেলায় মাঠে মাঠে পাকা ধান। আবহাওয়া খারাপ হয়ে যে কোনো সময় ঝড় বা ভারী বর্ষণ হতে পারে। তাই মাঠ থেকে ধান কেটে আনতে গৃহস্থরা তোড়জোড় শুরু করেছেন।
মাঠে পাকা ধান, আকাশে মেঘ আর সেকারনে শ্রমিকদের সব শর্ত মেনে নিতে হচ্ছে বলে জানান তারা।
আর তাদের আক্ষেপ, এতকিছুর পরও ধানের মন সাতশ থেকে আটশ টাকা।
মাগুরা কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক পার্থ প্রতিম সাহা বলেন, মাগুরায় ধান প্রধান ফসল। এ বছর ৩২ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এ কারণে ভরা মৌসুমে কৃষি শ্রমিকের মূল্য বৃদ্ধি পেয়েছে।


