মাগুরানিউজ.কমঃ
মাগুরার অন্যতম অর্থকরী ফসল লিচু। মাগুরা সদরের প্রধান লিচু উৎপাদনকারী ৩০ গ্রামসহ জেলার বিভিন্ন এলাকায় প্রচুর বাগান গড়ে উঠেছে। জেলার হাজরাপুর, ইছাখাদা, রাউতড়া, খালিমপুর, হাজীপুর, রাঘবদাইড়, নড়িহাটি, শিবরামপুরসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে গড়ে উঠেছে লিচু বাগান। এ সমস্ত এলাকায় হাজারেরও বেশি বাগান রয়েছে। আর মৌমাছির মাধ্যমে মুকুলে মুকুলে পরাগায়ন ঘটায় লিচু বাগান মালিকরা বাম্পার ফলনের আশা করছেন।
লিচু বাগানগুলোতে মৌ খামারিরা ছোটবড় বিভিন্ন আকৃতির মৌমাছির বাক্স বসিয়ে বৈজ্ঞানিক উপায়ে মৌ চাষ করে মধু সংগ্রহ করছেন।
বাগান মালিকরা জানান, যে বছর বাগানে মৌমাছির চাষ করা হয় সে গাছে বেশ ভালো মুকুল আসে। ভালো ফল আসে এবং লিচুর আবাদ ভালো হয়। মৌ চাষের ফলে কীটনাশকের ব্যবহার তেমন একটা হয় না। ফুলে ফুলে মৌমাছির মধু সংগ্রহের পরাগায়ণ ঘটায় লিচুর ফলন ও আকার ভালো হয়। এটা কৃষকদের পক্ষেও লাভজনক।


