মাগুরানিউজ.কম:
মাগুরায় বাজার ফিরতি মানুষের ব্যাগে এখন শুধুই ইলিশ। ১৫ দিন বন্ধ থাকার পর আবার ইলিশের চালান এসেছে মাগুরার বাজারগুলোতে। দামও পূর্বের তুলনায় বেশ কম, সাথে অনেক দিন ইলিশ বাজারে না থাকায় এখন বাজারে গিয়েই ছোট কিংবা বড় সাধ্য অনুযায়ী ইলিশ একটা থলিতে নেওয়া চাই।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত টানা ১৫ দিন শিকার, আহরণ, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার।
শুক্রবার রাত ১২ টার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে গত ২ দিনে পুনরায় বাজারে উঠেছে ইলিশ।
জেলার পাইকারী মাছর ব্যবসায়ীরা জানান, মাছ আসতে শুরু করেছে। আর অনেকদিন পর ইলিশের বাজার শুরুর পাশাপাশি পর্যাপ্ত চাহিদা রয়েছে বলে তিনি জানান।
বাজার ঘুরে দেখা গেছে, ইলিশের মোটামুটি সরবরাহ। ক্রেতাদের আনাগোনাও প্রচুর। আর দামও আগের চাইতে কম। মূলত ইলিশের মৌসুম শেষের দিকে চলে আসায় দাম কমে যাচ্ছে বলে ব্যবসায়ীরা মনে করেন। সামনের দিনগুলোতে দাম আরো কমবে বলে জানান তারা। ক্রেতা-বিক্রেতাদের দর কষাকষিতে মুখর হয়ে উঠেছে ইলিশের বাজার।


