মাগুরানিউজ.কম:
মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় আরও ২ আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন- মাগুরা দোয়ারপাড় এলাকার আব্দুর রশিদের ছেলে সাগর ও বাপ্পি।
সোমবার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক ‘মাগুরানিউজ’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলার ৭ ও ৮ নং আসামি সাগর ও বাপ্পিকে নারায়ণগঞ্জের সাইবোর্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের মঙ্গলবার (৪ আগস্ট) আদালতে হাজির করা হবে।
২৩ জুলাই শহরের দোয়ারপাড় এলাকায় দুইগ্রুপের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মমিন ভূঁইয়া নামে এক বৃদ্ধ। গুলিবিদ্ধ হন নাজমা বেগম ও তার গর্ভের শিশু।
২৬ জুলাই নিহত মমিনের ছেলে রুবেল ১৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।


