মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে দিনরাত একাকার করে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। দিগন্ত বিস্তৃত মাঠে যেদিকে চোখ যায়, সেদিকেই সবুজের মাঝে সোনালি ঝিলিক। এই ঝিলিকে কৃষকের চোখ-মুখও উজ্জ্বল হয়ে উঠেছে। কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে।
আর পনের দিন যদি শিলাবৃষ্টি বা বড় ধরনের ঝড় না হয়, তবে কৃষকরা নিশ্চিন্তে সব ধান ঘরে তুলতে পারবেন।
জেলার অনেক কৃষক ক্ষেতের পাশের উঁচু জমিতে ধান মাড়াইয়ের খইলান তৈরি করেছেন। ধান কেটে এনে সেখানেই চলছে ঝাড়াই-মাড়াইয়ের কাজ। পরে তোলা হচ্ছে মালিকের গোলায়। আবার যেসব ক্ষেতের কাছাকাছি রাস্তা আছে সেসব জমির মালিকরা ধান কেটে নসিমন বা ভ্যান করে বাড়িতে নিয়ে যাচ্ছেন।
সমানে চলছে ধান মাড়াই ও ঝাড়াইয়ের কাজ। কৃষাণ-কৃষাণিরা ধান কাটা-মাড়াই ও গোলায় উঠাতে কোমর বেঁধে কাজে নেমেছেন। চোখে মুখে সোনালি খুশির ঝিলিক লেগেছে।


