মাগুরায় ব্যাংক থেকে গ্রাহকের টাকা ছিনতাই করে পালানোর সময় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে ব্যাংকের লোকজন ও গ্রাহকরা।
বুধবার (০৪ মে) দুপুর ১২টার দিকে মাগুরা শহরের ব্র্যাক ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
আটক নজরুল খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝড়ভাঙ্গা গ্রামের আরশাদ আলীর ছেলে।
বেলা ১২টার দিকে শ্রীপুর উপজেলার বাসিন্দা শিরীষ বিশ্বাস ২ লাখ ৭৩ হাজার টাকা জমা দিতে ব্যাংকে আসেন। এসময় শিরীষের ব্যাগ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে নজরুল। এ সময় শিরীষ চিৎকার শুরু করলে ব্যাংকের লোকজন ও নিরাপত্তারক্ষী তাকে আটক করে পুলিশে দেয়।
নজরুল একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছে বলে পুলিশ সুত্র জানিয়েছে।
এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।


