মাগুরানিউজ.কমঃ
রমজাম শুরু না হতেই বাড়ছে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এর মধ্যে চাহিদার শীর্ষে থাকা ছোলার দাম বেড়েছে সবচেয়ে বেশি।
শুক্রবার মাগুরার কয়েকটি বাজারে গিয়ে জানা গেছে, এবার রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগে প্রতি কেজিতে ৫ থেকে ৭ টাকা বাড়তি বিক্রি হচ্ছে।
পাইকারি ব্যবসায়ীরা জানান, রমজানে যে ছোলা খাওয়া হয়, তা শুধু রমজানের আগেই আমদানি করা হয়। এ কারণে বর্তমানে যে ছোলা খুচরা বাজারে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, তা পাইকারি বাজারে ৯৩ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।
ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী গত এক মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে ছোলার দাম বেড়েছে ১৪ দশমিক ২০ শতাংশ। খুচরা বাজারে গত মাসে ছোলা প্রতি কেজি বিক্রি হয়েছে ৭৮ থেকে ৮৪ টাকা। গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮৫ থেকে ৮৮ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়।


