মাগুরানিউজ.কমঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ কর্তৃক মাগুরার অস্বচ্ছল ক্রীড়াবিদ/ক্রীড়া সংগঠকদের আর্থিক অনুদান প্রদান করা হয়। এ পর্যায়ে আজ জেলার ৪৮ জন দুঃস্থ ও অসহায় ক্রীড়াবিদদের প্রত্যেককে পনের হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি।
মাগুরা সার্কিট হাউজে এ উপলক্ষে আয়োজিত চেক বিতরন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি মাগুরানিউজকে বলেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে। তিনি বলেন, ইতোমধ্যে ১৩০টি স্টেডিয়াম নির্মাণে অর্থ ছাড় করেছে একনেক। দুই-তিন মাসের মধ্যে টেন্ডারের মাধ্যমে এসব স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে।
ড. বীরেন শিকদার আরো বলেন, বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এ সরকার ক্ষমতায় আসার পর ক্রিকেটে সারাবিশ্বে গৌরবময় সন্মান অর্জন করেছে বাংলাদেশ। আমরা খেলোয়াড়দের তথা ক্রীড়া ক্ষেত্রে সবসময় পৃষ্ঠপোষকতা করে থাকি। যে কারণে তৃণমূল থেকে খেলোয়াড়রা তাদের যোগ্যতা ও নৈপুণ্যতা অর্জন করতে সক্ষম হচ্ছে।


