মাগুরানিউজ.কমঃ
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ৬ষ্ঠ রাউন্ডের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে নেমেছে কলাবাগান ক্রীড়া চক্র। প্রতিপক্ষ মাহমুদউল্লাহ রিয়াদের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টপঅর্ডারের দৃঢ়তায় ম্যাচে ভালো একটা অবস্থানই গড়েছিল কলাবাগান। তাদের রানের চাকাকে আকাশে ওড়াতে এরপরই ব্যাট হাতে ঝড় তুলেছেন মাশরাফি বিন মুর্তজা।
ওয়াহিদুল আলমের করা ইনিংসের ৪৮তম ওভারের শেষ বলে ছয় মেরে ৯৮ রান থেকে সেঞ্চুরি স্পর্শ করেছেন মাশরাফি। সেঞ্চুরির পথে বল খেলেছেন ৫০টি। ওয়াহিদুলের ওভারটিতে টানা তিন ছয়ে শুরু করে মোট চারটি ছয়ের সঙ্গে ২৫ রান নিয়েছেন তিনি। পরের ওভারে শফিউলের বলে মার্শালকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ১০৪ রানে থেমেছেন ম্যাশ। ২ চার ও ১১ ছয়ে ৫১ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। ইনিংসটির স্থায়িত্বকাল ছিল ৬২ মিনিট। স্ট্রাইকরেট ২০৩.৯২! সেঞ্চুরির বল ও ছয়ের সংখ্যাটি ‘লিস্ট-এ’ ম্যাচের বাংলাদেশি রেকর্ডও।
মাশরাফি তাণ্ডবের পর তিনশো পেরিয়ে গেছে দলীয় সংগ্রহও। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলেছে কলাবাগান। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান এসেছে জসিমউদ্দীনের ব্যাট থেকে।


