মাগুরানিউজ.কম:
মার্তৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটির জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১০ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠিত হয়েছে।
শনিবার (০১ আগস্ট) ঢামেকের শিশু বিভাগের (এনআইসিইউ) প্রধান প্রফেসর আবিদ হোসেন মোল্লাকে প্রধান করে ১০ সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।
ঢামেকের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক কাজল ‘মাগুরানিউজ’কে জানান, এর আগে আট সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড ছিল। আজ সকালে এটিকে ১০ সদস্য বিশিষ্ট করা হয়েছে।
শিশুটির ব্যাপারে তিনি বলেন, ওর মায়ের বুকের দুধ সংগ্রহ করে ওকে খাওয়ানো হচ্ছে। শুক্রবার রাতে তিনঘণ্টা পরপর দুই মিলি. করে ও আজ সকালে পাঁচ মিলি. পরিমাণ সংগ্রহ করা বুকের দুধ খাওয়ানো হয়েছে শিশুটিকে।
আশরাফুল হক কাজল আরও বলেন, চক্ষু চিকিৎসকেরাও দেখছেন শিশুটিকে। এক সপ্তাহের মধ্যেই শিশুটির চোখের রিপোর্ট পাওয়া যাবে। শিশুটির মা গাইনি, মেডিসিন, কার্ডিওলজি ও সার্জারি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
রবিবার গুলিবিদ্ধ শিশু ও তার মায়ের জন্য একটি যৌথ মেডিকেল বোর্ড গঠন করা হতে পারে বলেও জানান তিনি।


