মাগুরানিউজ.কম:
বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করছে। এখানে জঙ্গিবাদের কোন স্থান নেই।বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা শহরের বাটিকাডাঙ্গায় ঐতিহ্যবাহী কাত্যায়নি পূজা উৎসবের একটি মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
ধর্মমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের উন্নয়ন কাজ ও যুদ্ধাপরাধীদের বিচার এবং রায় কার্যকর বাধাগ্রস্ত করতে নাশকতার আশ্রয় নিচ্ছে। তারা রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতিসাধন করতে মেতে উঠেছে। তাদের প্রতিরোধ করতে হবে। এ সময় তিনি সরকারের উন্নয়ন তৎপরতায় সবার সহযোগিতা কামনা করেন।
ধর্মমন্ত্রী বলেন, সরকার শত বাধা-বিপত্তি উপেক্ষা করেও যুদ্ধাপরাধীদের বিচার ও সাজার রায় কার্যকর করতে বদ্ধপরিকর। আর সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলিসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এর আগে মাগুরা সার্কিট হাউস সভাকক্ষে জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। ।
গত ১৭ নভেম্বর থেকে মাগুরায় ৭০টি পূজামন্ডপে কাত্যায়নি পূজা এবং এটিকে ঘিরে সার্বজনীন উৎসব চলছে। ২১ নভেম্বর দশমির মধ্য দিয়ে কাত্যায়নি পূজা শেষ হলেও এ উপলক্ষে আয়োজিত মেলা ও উৎসব চলবে আরো ১০দিন।


