মাগুরানিউজ.কম:
অস্ট্রেলিয়া সিরিজে সাকিব আল হাসানের সামনে দারুণ এক কীর্তি গড়ার হাতছানি। দুই টেস্টের কোনো এক ইনিংসে ৫ উইকেট পেলেই বিশ্বসেরা এই অলরাউন্ডার ঢুকে যাবেন টেস্ট ক্রিকেটের রেকর্ডের ছোট একটি অভিজাত ক্লাবে। হয়ে যাবেন সবকটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ইনিংসে অন্তত একবার করে ৫ উইকেট পাওয়া তৃতীয় বোলার।
মাগুরা নিউজ ডটকমকে সাকিব বলেছেন, এটি করতে পারলে তার ক্যারিয়ারের ‘স্পেশাল’ এক অর্জন হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এবার দারুণ কিছু করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। স্বপ্নটা এখন আর আড়ালে নেই। কোচ-অধিনায়কের কণ্ঠ হয়ে অস্ট্রেলিয়া বধের স্বপ্ন এখন ছড়িয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট আঙিনায়।
স্বপ্নটা মনে বাসা বেঁধেছে সাকিবেরও। দলের জয়ের পাশাপাশি ব্যক্তিগত একটি লক্ষ্যও তার থাকছে এই সিরিজে। দুই টেস্টের অন্তত একটি ইনিংসে নিতে চান ৫ উইকেট।
এমনিতে ব্যক্তিগত অর্জনের রোমাঞ্চ সাকিবকে স্পর্শ করে খুব কমই। তার হাত ধরে রেকর্ডের জন্ম কম হয়নি। প্রাপ্তি আর অর্জনে ক্যারিয়ার যথেষ্টই সমৃদ্ধ। তবে এসব তাকে আন্দোলিত করেছে খুব কমই। ব্যক্তিগত অর্জনের ব্যাপারে সবসময়ই তাকে মনে হয়েছে নির্লিপ্ত আর নির্মোহ।
এই অর্জনের ভাবনা তার মাথায় খেলা করছে অস্ট্রেলিয়া সিরিজ চূড়ান্ত হওয়ার পর থেকেই। প্রসঙ্গটি তুলতেই মাঝপথে থামিয়ে দিয়ে সাকিব বললেন, ‘এটি আমার মাথায় আছে। খুব ভালোভাবেই আছে ভাবনায়। দেখা যাক…।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যখন সবশেষ টেস্ট খেলে, সাকিব তখন টেস্ট ক্যাপ মাথায় তোলার অপেক্ষায়। তার মাত্র কদিন আগে খেলে এসেছিলেন ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। পরের বছরই পেয়েছেন টেস্ট ক্যাপ। এরপর থেকে ৮টি দেশের বিপক্ষে টেস্ট খেলেছেন, সবকটি দেশের বিপক্ষে পেয়েছেন ইনিংসে ৫ উইকেট নেওয়ার স্বাদ।
বাকি কেবল অস্ট্রেলিয়া, যে দেশের বিপক্ষে এখনও টেস্ট খেলার সুযোগই পাননি। কাঙ্খিত সুযোগটা এসে যাচ্ছে এবার। এর আগে এই কীর্তি গড়েছেন মাত্র দুজন বোলার, দুজনই থাকেন সর্বকালের সেরাদের ছোট্ট তালিকায়।৯টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়া ওই দুই জন হচ্ছেন মুত্তিয়া মুরালিধরন আর ডেল স্টেইন। অনেক অবিশ্বাস্য কীর্তির জন্ম দেওয়া মুরালিধরন এখানেও অতিমানবীয়, ৯টি দেশের বিপক্ষেই ৫ উইকেট পেয়েছেন অন্তত ৫ বার করে।
এই কীর্তি গড়া ক্রিকেটারের সংখ্যা এত কম, সেটা সাকিবেরও ধারণার বাইরে ছিল। দুজনের নাম শুনে বললেন, ‘তাই নাকি? মাত্র দুজনই! তাহলে তো আরও দারুণ!”
স্টেইন-মুরালিধরনের কথা জানার আগে থেকেই এটির আবেদন সাকিবের কাছে ছিল অন্য উচ্চতায়।
“সত্যিই ৫ উইকেট নিতে পারলে সেটি হবে স্পেশাল কিছু। অনেক ভালো লাগবে।”
সিরিজ নিয়ে ভাবনায় বাংলাদেশর কোচ-অধিনায়কের সঙ্গে একমত সাকিবও।
“কোচ-অধিনায়ক যেমন বলেছেন, অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব আমাদের।”
জাতীয় লিগের ম্যাচ খেলতে বৃহস্পতিবার সাকিব খুলনায় গেছেন। দেশে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ৩ বছর পর খেলতে নামছেন। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচে সাকিবের খুলনার প্রতিপক্ষ ঢাকা বিভাগ।


