মাগুরানিউজ.কম:
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের সেই আনন্দে নতুন মাত্রা যোগ করে চকচকে, নতুন টাকার সেলামি। আর এই সেলামি দিতেই মূলত প্রতিবছর দুই ঈদের আগে বেড়ে যায় নতুন টাকার চাহিদা। ঈদুল আজহা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে নতুন টাকা বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।
ইদুল আজহাকে সামনে রেখে চাহিদা মোতাবেক পর্যাপ্ত পরিমাণে নতুন টাকা সরবরাহের উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী বৃহস্পতিবার থেকে নতুন নোটের বিনিময়ের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নতুন নোট বিনিময়ের এ কার্যক্রম চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। একজন ব্যাক্তি সর্বোচ্চ ৩ হাজার ৭০০ টাকার বিভিন্ন মূল্যমানের নোট বদলে নিতে পারবেন।
এবার টাকা প্রদানের পদ্ধতিতে একটু ভিন্ন মাত্রা যোগ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে। নতুন নোট বিনিময়ে স্থাপন করা হয়েছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড। এই পদ্ধতিতে নতুন টাকা বিনিময়ের আগে মানুষকে কুপন সরবরাহ করা হবে। পরে কূপনের সিরিয়াল ধরে নতুন নোটের বিনিময় হবে। পাশাপাশি নেয়া হবে আঙ্গুলের ছাপ। দালাল রুখতেই পরীক্ষামূলকভাবে এমন পদ্ধতি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে একজন লোক সপ্তাহে ১ দিনের বেশি নতুন টাকা নিতে পারবে না। ফলে নোট নিতে আসা সাধারণের ভোগান্তি কমবে।’
প্রতিজনের ৩ হাজার ৭০০ টাকার মধ্যে ২০ টাকার ১ প্যাকেট, ১০ টাকার ১ প্যাকেট, ৫ টাকার ১ প্যাকেট ও ২ টাকার ১ প্যাকেট নেয়ার সুযোগ রাখা হচ্ছে।


