মাগুরানিউজ.কম:
নিজের গাড়িতেই বেড়ানো যাবে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানে । এসব দেশসমূহের মধ্যে চলবে পণ্যবাহী যান ও যাত্রীবাহী বাস । এই প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী অক্টোবরে এই চার দেশের মধ্যে গাড়ির শোভাযাত্রা হবে । ২০১৬ সালের শুরুতেই চালু হয়ে যাবে যান চলাচল । চার দেশের মন্ত্রীরা স্বাক্ষর করলেন বহু প্রতীক্ষিত মোটরযান রূপরেখা চুক্তিতে । সোমবার ভুটানের রাজধানী থিম্পুতে চোরতেনলাম সড়কের পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ানের বেজমেন্টের কনফারেন্স হলে এই চুক্তি স্বাক্ষর হয়। এর মধ্য দিয়েই উন্মোচিত হবে চার দেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনার দ্বার।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র জানায়, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের (বিবিআইএন) ভুক্ত অপর তিন দেশের সঙ্গে সরাসরি যোগাযোগে বাংলাদেশ থেকে ছয়টি রুটে যান চলাচল করতে পারবে। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে দুটি করে প্রস্তাবিত রুটে বাংলাদেশ থেকে সরাসরি যান চলাচলের সুযোগ রয়েছে। দেশগুলোর মধ্যে নিয়মিত বাস ও ট্রাক চলাচল করবে। ব্যক্তিগত গাড়িতেও এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করা যাবে বিনা বাধায়।
ভারতের সঙ্গে যোগাযোগের দুটি রুট হলো, ঢাকা থেকে যশোর হয়ে কলকাতা এবং অন্যটি রাঙামাটি থেকে খাগড়াছড়ির রামগড় হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম ও ত্রিপুরা।
নেপাল যাওয়ার প্রস্তাবিত দুটি রুট হলো-ঢাকা থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা হয়ে ভারতের মধ্যে ৩৭ কিলোমিটার পাড়ি দিয়ে কাকারভিটা হয়ে কাঠমান্ডু এবং অন্যটি ঢাকা থেকে বুড়িমারী-চেংরাবান্ধা হয়ে ভারত পাড়ি দিয়ে কাঠমান্ডু।
ভুটান যাওয়ার প্রস্তাবিত দুটি রুট হলো ঢাকা থেকে বুড়িমারী-চেংরাবান্ধা হয়ে ভারতের মধ্য দিয়ে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জয়গাঁও-ফুয়েসারেং হয়ে ভুটানের থিম্পু এবং অন্যটি ঢাকা থেকে সিলেট-শিলং-গৌহাটি হয়ে থিম্পু।


