মাগুরানিউজ.কমঃ
বৃষ্টি এবং গরম-দুটোই চলছে একসঙ্গে। আকাশ ভেঙে বর্ষা নামলে গরম কমে না এতটুকু, বরং ভ্যাপসা গরম বাড়ে আরও। গুমোট আবহাওয়ায় স্বাভাবিক কাজকর্মে ঘটছে ব্যাঘাত। নগরে চলাচল হয়ে উঠেছে যন্ত্রণাকর।
গণপরিবহণের ভেতর মানুষের ভিড়ের কারণে আরও বেশি গরম অনুভূত হচ্ছে। ঘরের ভেতর বা বাইরে কোথাও স্বস্তি মিলছে না এতটুকু। দিনে ও রাতে একই ধরনের পরিস্থিতিতে হাঁপিয়ে উঠেছে মানুষ।
ঈদের আগে কেনাকাটার জন্য মানুষের যাতায়াত বেড়ে গেছে। যেসব দোকান বা বিপনিবিতানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র নেই, সেগুলোতে ক্রেতা-বিক্রেতা দুই পক্ষই আছে কষ্টে। রোজায় শ্রমজীবী মানুষদের জন্য জীবন হয়ে উঠেছে আরও দুর্বিষহ।
আবহাওয়া অধিদপ্তর বলছে এই আবহাওয়া বেশিদিন থাকবে না। বঙ্গোপসাগরে লঘু চাপের কারণে বাতাসে আদ্রতা বেড়ে গেছে। এ কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। আগামী দুই দিনে এই পরিস্থিতির অবসান হবে।


