মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় মার্কাস মসজিদে আসা তাবলিগ জামাতের ৫ সদস্যকে অচেতন করে তাদের সঙ্গী জনৈক জুনায়েদ আহমেদ নগদ অর্থ, মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অচেতন ওষুধে অসুস্থ হয়ে পড়ায় শনিবার সকালে তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
মাগুরা মার্কাস মসজিদে আগন্তুক তাবলিক সদস্য সাইদুল ইসলাম হাসপাতালে গণমাধ্যম কর্মীদের জানান, শুক্রবার রাতে ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৬ জনের একটি দল (জামাত নম্বর-৬৮৮৮) নিয়ে ৪০ দিনের সফরে মাগুরা মার্কাস মসজিদে আসেন।
রাত ১১টার দিকে জামাতের নতুন সঙ্গী জুনায়েদ হোসেন একটি ফ্রুটো জুস এনে সুরুজ হোসেন (৭০), জাহাঙ্গীর আলি কিবরিয়া (৩০), মিনহাজ উদ্দিন (২৩), রায়হান (২০) ও সাইফুল মুন্নাকে (২০) দেন।
এই জুসে অচেতন দ্রব্য থাকায় তারা ঘুমিয়ে পড়েন। এরপর জুনায়েদ তাদের সঙ্গে থাকা নগদ অর্থ ও মালামাল নিয়ে পালিয়ে যান।
মসজিদে অবস্থানরত অন্যরা মধ্যরাতে সেহেরির জন্য ঘুম থেকে উঠলেও তারা অচেতন থাকায় সন্দেহ হয়। পরে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
জুনায়েদ হোসেনের বাড়ি সিলেটে। তিনি ঢাকার কাকরাইল মসজিদ থেকে এই জামাতের সঙ্গে সম্পৃক্ত হন বলেও জানান সাইদুল ইসলাম।
সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে অভিযুক্ত যুবককে ধরতে পুলিশ তৎপরতা বাড়িয়েছে।

