মাগুরানিউজ.কমঃ
টানা ৬৪ দিন অবস্থানের পর বুধবার মতিঝিলের ফুটপাত ছাড়লেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তবে মতিঝিলের ফুটপাত ছাড়লেও দেশব্যাপী অবস্থান কর্মসূচির মাধ্যমে শান্তির বার্তা পৌছে দেয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার বিকেলে রাজধানী মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করে তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করব। এরপর সারাদেশে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।
কাদের সিদ্দিকী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে এপ্রিল ফুল দিয়েছেন। সরকারের অনেকে বলেছিল, স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন, কিন্তু আসেননি। বাংলাদেশের জনগণের হৃদয় চিরে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও ৩০০ মানুষ হত্যা করার সমর্থন করতে বাংলাদেশে আসতে পারেন না।
২৮ জানুয়ারি থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে ফুটপাতে অবস্থান করছিলেন।
কাদের সিদ্দিকী বলেন, আমরা ঢাকা থেকে চলে যাচ্ছি এর মানে আমাদের অবস্থান কর্মসূচি স্থগিত করা হচ্ছে না। আমরা আমাদের শান্তির বার্তা বাংলার ঘরে ঘরে ছড়িয়ে দেব।


