মাগুরানিউজ.কমঃ
সম্প্রতি সরকারের উদ্দোগে আবারো আশার আলো দেখছেন মাগুরার সেই ২৩৮ যুবক। এবার হয়ত ভাগ্য দেবতা তাদের প্রতি সদয় হবেন। শেষ হবে স্বপ্ন পূরনের অধীর অপেক্ষার।
স্বপ্ন ছিল মালয়েশিয়ায় গিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন করবেন। অথচ ২ বছর পার হলেও ভিসা না পেয়ে তারা এখন হতাশ। সরকারের দেখানো স্বপ্ন স্বপ্নই থেকে গেছে ওদের। সরকারি উদ্যোগে প্রথম পর্বে মাগুরা থেকে তালিকাভুক্ত ও প্রশিক্ষণপ্রাপ্ত ২৩৮ যুবক ২ বছরেও মালয়েশিয়া যেতে পারেননি। এ ছাড়াও অপেক্ষায় আছেন ১৪ হাজার ৭৯২ জন নিবন্ধনধারী নারী-পুরুষ। তারা তাদের ভিসা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
জেলার একটি পৌরসভা ও সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার ৩৬টি ইউনিয়নের ১৪ হাজার ৭৯২ জন নারী-পুরুষ ইন্টারনেটের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার আবেদন করেন। ২৩৮ জন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত হন। এর মধ্যে পৌরসভা এলাকা থেকে ২৬ জন ও বাকিরা ৩৬টি ইউনিয়ন থেকে জনসংখ্যার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।
প্রথম পর্বে নির্বাচিত ২৩৮ জন যুবক যথারীতি ১০ দিনের প্রশিক্ষণ গ্রহণ এবং পাসপোর্ট, মেডিকেল টেস্ট, পুলিশ ভেরিফিকেশনসহ বিদেশ গমনের প্রয়োজনীয় কার্যক্রম শেষ করেন। ভিসাপ্রাপ্তি সাপেক্ষে ২০১৩ সালের মার্চে মালয়েশিয়া গমনের কথা সংশ্লিষ্ট দফতর থেকে জানানো হয়। কিন্তু তারা ভিসা পাননি।
ভিসার অপেক্ষায় থাকা মনিরুল ইসলাম খবির জানান, তিনি সার ও কীটনাশকের ব্যবসা করতেন। সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রি করে দেন। এখন বিদেশ যেতে পারছেন না, আবার ব্যবসাও ধরতে পারছেন না। লোকজন এখন তাকে নিয়ে ঠাট্টা-মশকরা করে।
মাগুরা জেলা প্রশাসক বলেন, বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলকে জানানো হয়েছে।


