মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ মহম্মদপুর কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য উপজেলা পরিষদ অর্থ সহায়তা বাবদ চেক প্রদান করে। ভারতীয় হাইকমিশন থেকে বৃত্তিপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তানদের সংবর্ধনা ও জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যদেরকেও সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা কমান্ডের কমান্ডার মোল্যা নবুয়ত আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ, মহম্মদপুর কমান্ডের কমান্ডার আলী রেজা খোকন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদার, মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ, মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহেরা জেসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিঞা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ ৮২ জন অসুস্থ মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য অর্থ সহায়তা বাবদ এক লাখ ৩৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। ভারতীয় হাইকমিশন থেকে বৃত্তিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ২৬ জন সন্তান, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।


