মাগুরানিউজ.কমঃ
গণিতের প্রতি ভীতি দূর করে এর প্রতি আগ্রহ সৃষ্টি ও এর উৎকর্ষ সাধনের নিমিত্তে আগামী শুক্রবার থেকে দেশব্যাপী ৬ষ্ঠ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুরু হবে।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করেন ‘৬ষ্ঠ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৪’ কমিটি।
সংবাদ সম্মেলনে বলা হয়, অলিম্পিয়াড আগামী ১৪ নভেম্বর শুক্রবার থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর শেষ হবে। ১৪ নভেম্বর খুলনা অঞ্চল থেকে শুরু হবে এ অলিম্পিয়াড প্রতিযোগীতা। এরপর ধারাবাহিকভাবে ১৫ নভেম্বর রাজশাহী অঞ্চল, ২১ নভেম্বর ঢাকা উত্তর অঞ্চল, ২৮ নভেম্বর চট্টগ্রাম অঞ্চল, ২৯ নভেম্বর ঢাকা দক্ষিণ অঞ্চল ও সিলেট অঞ্চলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সবেশেষে ১২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় নবনির্মিত এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। আঞ্চলিক বিভাগগুলো প্রতি অঞ্চলের শ্রেষ্ঠ ১০ প্রতিযোগী এ চূড়ান্ত পর্বে অংশ নেবে। চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ ১০ প্রতিযোগীকে সনদপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করা হবে।
এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘৬ষ্ঠ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৪’ এর সদস্য সচিব প্রফেসর মমিনুল আলম সরকার, সংগঠনের কোষাধ্যক্ষ ঢাবি শিক্ষক অধ্যাপক আমোরিয়া চন্দ্র মন্ডল, সংগঠনের সদস্য প্রফেসর খোদাদাদ খান প্রমুখ।

