মাগুরানিউজ.কমঃ

সময়টা বেশ ভালো কাটছে সাকিব আল হাসানের।
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই বাজিমাত করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের সেরা সাকিব ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন (১১ উইকেট)।
সোমবার জিম্বাবুয়ে সিরিজ শেষ করে মঙ্গলবার মাঠে নেমেছেন সাকিব। মিরপুর একাডেমি মাঠে কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ডের (সিআরসি) ২৫তম বার্ষিকী উপলক্ষে চিল্ড্রেন ফিক্স অ্যাডাল্ট নামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ইউনিসেফ।
বিশ্বসেরা তারকা সাকিব আল হাসান খেলেন চিল্ড্রেন দলের হয়ে। তাদের প্রতিপক্ষ ছিল অ্যাডাল্ট দল। ম্যাচে সাকিব ঝড়ে উড়ে যায় অ্যাডাল্ট দল। আগে ব্যাটিং করে অ্যাডাল্ট দল ১২৭ রান তুলে নেয়।
জবাবে ইনিংসের শেষ বলে ডিপ ফাইন লেগে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন সাকিব।
মাত্র ২৫ বলে ১০১ রান করেন সাকিব। তার প্রতিটি ছক্কা একাডেমি মাঠের বাইরে গিয়ে পড়ে। ম্যাচে ধারাভাষ্য দেওয়া রকিবুল হাসান ও ক্রিকেটার জেসি জানান সাকিব ছক্কা হাঁকানো অন্তত পাঁচটি বল হারিয়ে গেছে।
ম্যাচ শেষে এরকম উদ্যোগকে স্বাগত জানিয়ে সাকিব বলেন, ‘খুব ভালো একটি উদ্যোগ। এ রকম উদ্যোগ নিয়মিত হলে আরও ভাল হয়। ইউনিসেফ তাদের জায়গা থেকে করছে কিন্তু এ দেশের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে।’
বাচ্চাদের সঙ্গে খেলে কেমন লাগল এমন প্রশ্নে তিনি বলেন, ‘আসলে ওরা সবাই খুবই মজা করেছে আর আমি ভাবিনি যে ওরা এতো ভাল খেলে। কিন্তু আসলেই ওরা অনেক ভালো।’

