মাগুরানিউজ.কমঃ
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত ১৫ দিনব্যাপি অনুর্ধ্ব ১৮ ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প বুধবার মাগুরা স্টেডিয়ামে শেষ হয়েছে। মাগুরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা এ ক্যাম্প বাস্তবায়ন করে। জেলা পর্যায়ে বাছাইকৃত ২০ জন খেলোয়াড়কে প্রশিক্ষণ দেন জাতীয় প্রশিক্ষক শফি কামাল খান স্বপ্নিল।
জেলা ক্রিকেট সাব কমিটির সভাপতি রানা আমির ওসমানের সভাপতিত্বে বিকেলে স্টেডিয়াম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন প্রমুখ। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সভায় বক্তরা বলেন, মাগুরা স্টেডিয়ামেই সাকিব আল হাসানের মত ক্রিকেট ট্যালেন্টের জন্ম হয়েছে। জাতীয় দলের ওয়ানডের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা স্থানীয়ভাবে আয়োজিত এমনি একটি ক্যাম্পে এ মাঠেই প্রথম নিজেকে তুলে ধরেছিলেন। বক্তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে ক্রীড়ায় নিবেদিত হতে আহ্বান জানান।


