মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের সৈয়দ আতর আলী রোডে অবস্থিত সোনাপট্টিতে একটি জুয়েলারি দোকানে হামলা ও ভাঙচুর করেছে এক সন্ত্রাসী। চাঁদার দাবিতে আজ সোমবার সকালে শহরের পুরাতন বাজারে গনেশ জুয়েলারিতে এ হামলা চালানো হয় বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। এ সময় সংঘবদ্ধ ব্যবসায়ীরা বিচ্চু মিস্ত্রি নামে ওই হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনায় আক্রান্ত গনেশ জুয়েলারির মালিক উৎপল কুমার দত্ত জানান, সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর পারনান্দুয়ালী এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ বিচ্চু মিস্ত্রি তাঁর দোকানে এসে কিছু টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সে ক্ষপ্তি হয়ে দোকানে হামলা চালায়। এ সময় তার কাছে থাকা হাতুড়ি দিয়ে সে গহনা রাখা শোকেস, ফার্নিচার, টিভি, ফ্যানসহ দোকানের ডেকোরেশন ভাঙচুর করে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা সংঘবব্ধ হয়ে সন্ত্রাসী বিচ্চুকে আটক করে পুলিশে সোপর্দ করে। ভাঙচুরের ঘটনায় তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
বাজারের স্বর্ণ ব্যবসারীরা জানান, সন্ত্রাসী বিচ্চুসহ একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে পুরাতন বাজারের ব্যবসায়ীদের নানা ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা তুলে আসছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক চলছে।
মাগুরা সদর থানার ওসি আছাদুজ্জামান মুন্সি বলেন, “জুয়েরারি দোকানে হামলাকারী বিচ্চুর বিরুদ্ধে যথাযথ আইনে ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য বিষয়েও তদারকি করা হবে।”


