মাগুরানিউজ.কমঃ
আজ মঙ্গলবার মাগুরার শালিখা উপজেলার সীমাখালি বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে ফয়সাল আহমেদ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফয়সাল ওই বাজারে উজ্জল মণ্ডল নামে এক পোল্ট্রি মুরগি ব্যবসায়ীর দোকানের কর্মচারী।
দোকান মালিক উজ্জল মণ্ডল জানান, ফয়সাল তাঁর দোকানের পোল্ট্রি মুরগি বেচাকেনা করে রাতে তাদেরই ফার্নিচারের দোকানে ঘুমাতো। সোমবার রাতে তাদের বাড়ি থেকে রাতের খাবার খেয়ে যথারীতি সে ওই দোকানে ঘুমাতে আসে। সকালে আব্দুল্লাহ নামে অপর এক কর্মচারী তাকে ডেকে ওঠাতে গিয়ে দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায়। এ সময় দরজার নিচে দোকানের চাবি পেয়ে তালা খুলে ভেতরে ঢুকে তাকে ফয়সালকে মৃত অবস্থায় পায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। কেউ টাকাপয়সা ছিনিয়ে নিতে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে তারা মনে করছেন। নিহত ফয়সাল শালিখার ছান্দরা গ্রামের মোশারফ ফকিরের ছেলে।
এ ব্যাপারে শালিখা থানার এসআই আব্দুল সালাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে ও দোকান মালিকসহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় রানা নামে এক যুবককে আটক করেছে।


